সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ।
দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৬৯ রানের বেশি করতে পারেনি তারা। ফলে তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় চার। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশের সামনে এখন ভারত। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। বাংলাদেশের জয়ের নায়ক মূলত বোলাররাই। নতুন বলে দুর্দান্ত শুরু এনে দেন মারুফা আক্তার। চার ওভারে মাত্র ৯ রান খরচ করে নেন দুই উইকেট। চলতি আসরে তিন ম্যাচে তার উইকেটসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে। মারুফার সঙ্গে দারুণ ছিলেন রাবেয়া খান। একাদশে ফিরে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি। নাহিদা আক্তার নেন দুটি উইকেট। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট তুলে নেন।











