আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

আব্দুল হান্নান শাহ্‌ (২২) আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে পরীক্ষা না থাকায় তিনি বাবার সঙ্গে বাড়ির পাশে একটি আধমরা সুপারি গাছ কাটতে যান। স্থানীয় ১১ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের কাছাকাছি ছিল গাছটি। গাছটি যেন তারে না লাগে সে জন্য আগেই অন্য একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। কিন্তু কাটার শেষ মুহূর্তে সুপারি গাছের ডাল বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে পুরো গাছ বিদ্যুতায়িত হয়ে পড়ে।

এ সময় হান্নানের একটি পা গাছের গোড়ায় আটকে গেলে মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবার সামনে তিনি ছটফট করতে করতে অচেতন হয়ে পড়েন। একাধিকবার চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হান্নান উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহ বাড়ির আব্দুল গফ্‌ফার শাহ্‌’র একমাত্র ছেলে। তিনি পড়াশোনার পাশাপাশি চাতরি চৌমুহনী বাজারে একটি বিকাশের দোকানে কাজ করতেন। নিহতের ফুফাতো ভাই ইমরান হোসাইন বলেন, পরীক্ষা না থাকায় সকালে গাছ কাটতে গিয়েছিল। সেখানেই বিদ্যুতের তারে গাছ লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনা হলে পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধমাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর