আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে চুরি হলো সিসিটিভি ক্যামেরা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:২২ অপরাহ্ণ

ভোটের একদিন আগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রটিতে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির এক দায়িত্বশীল ব্যক্তি বলেন, ভোটের ঠিক আগের রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেন্দ্র-সংশ্লিষ্ট সূত্র বলছে, ভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে কে বা কারা এটি সরিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঙফফঁ(ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ঘটনাটি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবারের মধ্যেই নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নির্বাচনের আগমুহূর্তে এমন ঘটনায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র তাদের জাহাজগুলোকে ইরানি জলসীমা থেকে যতোটা সম্ভব দূরে থাকতে বলেছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম