আজ ইতিহাসবিদ ড. আবদুল করিমের ১৯তম মৃত্যুবার্ষিকী

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৫ পূর্বাহ্ণ

প্রখ্যাত ইতিহাসবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ডক্টর আবদুল করিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, তিনি ১৯২৮ বাঁশখালীর চাপাছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী সৈয়দ ওয়াইজুদ্দীন ও মাতার নাম সৈয়দা রশিদা খাতুন। তিনি তৎকালীন চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ) থেকে ১৯৪৪ সালে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে হাই মাদ্রাসা (প্রবেশিকা), ১৯৪৬ সালে প্রথম বিভাগে অষ্টম স্থান লাভ করে আই., ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে দ্বিতীয় বিভাগে বি.এ অনার্স, ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এম.এ ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে যোগ দেন। তিনি ইতিহাস বিভাগের রিডার, স্যার সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯৬২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে তিনি ইতিহাস বিভাগে রিডার ও বিভাগীয় সভাপতি পদে যোগ দেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি হাটহাজারী সরকারি কলেজ ও পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়, বাঁশখালী কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবুল কালাম
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের ঢেউটিন বিতরণ