আংটিতে কাজ না করায় বৈদ্যকে কুপিয়ে জখম

লামা প্রতিনিধি | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

আংটিতে কাজ না করায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হরিণমারা এলাকায় সুনিল আচার্য (৬৫) নামে এক বৈদ্যকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সুনিল আচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের দক্ষিন হিন্দু পাড়া মৃত সুধীর আচর্াযের ছেলে।
জানা গেছে, শনিবার বিকালে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর রবিবার সকালে উপজেলার আজিজনগর ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ মো. ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে।
আজিজনগর ক্যাম্প ইনচার্জ শামীম শেখ জানান, তাবিজ বা বানটোনা কেটে দেবে বলে সুনিল আচার্য আজিজনগর ইউনিয়নের হরিনমারা এলাকার আবু হানিফের ছেলে মো. ফারুক থেকে গত দেড় বছর আগে ১৭ হাজার টাকা নিয়েছিলেন । পরে সপ্তাহ খানেক আগে আবার আংটি দিয়ে ৭ হাজার টাকা নেন সুনিল আচার্য। কিন্তু আংটিতে কোনো কাজ না হওয়ায় তাকে অন্য রোগীর কথা বলে ডেকে এনে রাতে পাহাড়ে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।
আহত সুনিল আচার্যের ছোট মেয়ে সুমী আচার্য জানান, শনিবার বিকালে এক লোক ফোনে কাজের কথা বলে তার বাবাকে আজিজনগর ডেকে নিয়ে যায়। পরে আহত অবস্থায় রোববার সকালে আজিজনগর ফরেস্ট অফিস সংলগ্ন বশিরের দোকান এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দিলে তারা এসে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে রোববার রাতে লামা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মো. ফারুককে গ্রেফতার করে।
লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষ হয়, শেষ হয় না কাজ
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ও লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ