নানার বাড়িতে অসুস্থ মাকে দেখতে এসে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে ৩ বছরের শিশু ছাবিদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে সীতাকুণ্ডের বারৈয়াঢালা মহানগর গ্রামের নানার বাড়ির পাশের পুকুর থেকে ছাবিদের লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। গত শনিবার নানার বাড়ি থেকে শিশু ছাবিদ নিখোঁজ হয়। নিখোঁজের পর অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে তার পিতা শনিবার দুপুরে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে নিহতের মামা জানান, ছাবিদের লাশ যে পুকুরে পাওয়া গেছে নিখোঁজ হওয়ার পর সেই পুকুরে কয়েক দফা জাল দিয়ে খুঁজে প্রতিবেশীরা। কিন্তু তখন পাওয়া যায়নি। অবশেষে ২দিন পর ওই পুকুরেই ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। তাতেই ধারণা করছি যে শিশুটিকে বাহিরে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।
নিহত শিশুর পিতা মো. গোলাম কিবরিয়া বলেন, সে তার নানার বাড়িতে ১০ দিন আগে বেড়াতে যায়। আমার স্ত্রী একজন প্যারালাইসিস রোগী। গত এক বছর ধরে ছেলে ছাবিদ মিরসরাইয়ের মায়ানিতে আমার বাড়িতেই থাকত।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহত শিশু ছাবেদের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যাবে শিশুটিকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে।












