অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি দল সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে এক সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, মোহাম্মদ শাহ্ আলম সহ শিপিং এন্ড পোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফউল্লাহ মনসুর এবং আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: মাহফুজুর রহমান।
সাক্ষাতে সিএমসিসিআই নেতৃবৃন্দ আগামী নভেম্বর মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক রেলওয়ে পালোগ্রাউন্ড মাঠে আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বলে আশ্বস্ত করেন।
সাক্ষাতে সিএমসিসিআই নেতৃবৃন্দ কিছু শিপিং এজেন্ট কর্তৃক ব্যাংক ডকুমেন্টস্ ব্যতীত পণ্য হস্তান্তরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্ত্রীকে অবহিত করা হয়। নেতৃবৃন্দ বিষয়টির উপর আইনি ব্যবস্থা গ্রহনের জন্য শিপিং আইন এবং ফ্রেইট ফরওয়ার্ডার আইনে জরুরি সংশোধনীর প্রস্তাব দেন। মন্ত্রী গুরুত্ব সহকারে বিষয়টি শুনেন এবং বিদ্যমান আইন সংশোধন করে বে–আইনীভাবে পণ্য হস্তান্তর প্রক্রিয়ায় জড়িত শিপিং লাইন এবং ফরওয়ার্ডারদের আইনের আওতায় আনার ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহন করবে বলে আশ্বস্ত করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












