‘অভিভাবকদের গুরুত্বপূর্ণ সময় তার সন্তানের জন্য ব্যয় করা উচিত’ 

সাতকানিয়ার কাঞ্চনা স্কুলের অভিভাবক সমাবেশে এডিসি পাঠান সাইদুজ্জামান 

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোহাম্মদ সাঈদুজ্জামান অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, সন্তানদের সাথে বন্ধুর মত মিশে তাদের মন-মানসিকতা বুঝতে হবে। সন্তানের দৈনিক চলাফেরা সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মনে রাখবেন, মানুষের জীবন হচ্ছে সময়ের সমষ্টি। অভিভাবকদের উচিত জীবনের মূল্যবান সময়টুকু থেকে গুরুত্বপূর্ণ সময় তার সন্তানের জন্য ব্যয় করা। কারণ প্রতিজন সন্তানের জীবনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। প্রথম শিক্ষক তার মা-বাবা। বিদ্যালয় প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয় কিন্তু মূল্যবোধ, নৈতিকতা, দায়িত্ববোধ, শিষ্টাচার ও মানবিক গুণাবলীর ভিত্তি গড়ে উঠে পরিবারেই। তাই একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশের জন্য পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সমন্বয় থাকা জরুরি। 

তিনি আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদুজ্জামান বলেন, প্রতিজন মা-বাবা চাই তার সন্তানের সকল অভাব পূরণ করতে। তাই মা-বাবার কাছে অনৈতিক আবদার না করে নিজের জীবনকে সুন্দর করার জন্য নিজেকে সুশিক্ষিত, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করার বিকল্প নাই। 

সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনার এডহক কমিটির সভাপতি  অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। 

তিনি বলেন, শিক্ষক, ছাত্র ও অভিভাবক তিন জনের সমন্বয়ে একজন শিক্ষার্থী পড়া-লেখা শিখে উন্নতির চরম শিখরে আরোহন করে। কারণ একজন শিক্ষার্থী যখন পড়ালেখা করার মানসে স্কুলে যায় তখন তার ভালো মন্দ বুঝার বয়স হয় না। সেজন্য অভিভাবকদের নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা জরুরি। 

বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ , চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম সিদ্দিকী, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা.আবদুল কাদের, নলুয়া ডি, এল কারণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা.রানা চৌধুরী ও দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খোরশেদুল আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহির হোছাইন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহাফুজুর রহমান। 

পূর্ববর্তী নিবন্ধসাজেদা বেগম
পরবর্তী নিবন্ধচড়-থাপ্পড় মারার ভিডিও ফেসবুকে, দুই জনই কারাগারে