দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ বা এনইআইআর, যার মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের তরফে বলা হচ্ছে। গতকাল বুধবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়্যব। খবর বিডিনিউজের। তিনি জানান, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে যেসব ফোন রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; কোনো মোবাইল ফোন বন্ধ করা হবে না। এরপর বিদেশ থেকে কেউ মোবাইল ফোন নিয়ে এলে সেগুলো যথাযথ কাগজপত্র সাপেক্ষে অনলাইনে নিবন্ধন করার সুযোগ থাকবে। ফয়েজ তৈয়্যব বলেন, এমএফএস প্রতারণা, স্ক্যাম বা ডিজিটাল জালিয়াতি এবং যৌন হয়রানির বেশির ভাগই ঘটে অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে। একজনের নামে বেশি সিম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৭৩ শতাংশ এমএফএস প্রতারণা হয় অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে। এনইআইআর চালু হলে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করে দেওয়া হবে। সরকারের হারানো ৫০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ করা যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, এমআইওবি প্রেসিডেন্ট জাকারিয়া শাহীদ, মোবাইল অপারেটরদের সংগঠন– এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার উপস্থিত ছিলেন।











