৮ হাজার ইয়াবা নিয়ে বাসে মা-মেয়ে, গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়। এ সময় ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুড়াপাড়া এলাকার খালেদা আক্তার (৩৫) ও তার মেয়ে হুমাইরা আক্তার (১৮)। গ্রেপ্তারের আগে তারা কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার একটি ভবনের পঞ্চম তলায় বসবাস করতেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, যাত্রীর ছদ্মবেশে বাসে ওঠা মা–মেয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে কর্মবিরতির ঘোষণা শিক্ষক ও কর্মকর্তাদের
পরবর্তী নিবন্ধ১৪ বছর পর স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটি