আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লং মার্চ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহানগরীর ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক হয়। জামায়াতে ইসলামীর মহানগরীর আমির এবং ১১ দলীয় ঐক্যের মহানগরীর সমন্বয়ক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি। বৈঠকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
শাহজাহান চৌধুরী এমপি বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লং মার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। গণতান্ত্রিক ও জনসম্পৃক্ত আন্দোলনকে সফল করতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি লং মার্চকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ন্যায়সংগত দাবি আদায় এবং দেশের বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন খেলাফত মজলিস নগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা জিয়াউল হোসাইন, নগর জাগপা সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, নগর খেলাফত আন্দোলনের সভাপতি আতিক বিন ওসমান, নগর নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির হাফেজ মাওলানা মুবিনুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক এহসানুল হক, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি আনোয়ার হোসেন রব্বানী, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, নগর এলডিপির সেক্রেটারি আবু সাঈদ, নগর লেবার পার্টির সহসভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, ১১ দলীয় ঐক্যের মহানগরীর সমন্বয়ক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও নেজামে ইসলাম পার্টির মহানগরীর যুগ্ম সম্পাদক সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়া। প্রেস বিজ্ঞপ্তি।











