নিজের নাম–পরিচয় বদলে ওমানে আত্মগোপন করেছিলেন মো. নাছির (৪৮)। দেশে ফিরে ‘মো. আজম’ পরিচয়ে চলাফেরা করছিলেন। এভাবে দীর্ঘ ২২ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। ফটিকছড়ির আলোচিত রোজী আকতারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।
গতকাল মঙ্গলবার দুপুরে এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হাটহাজারীর ধলই ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নাছির ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে ওমানে আত্মগোপন করেছিলেন।
এসআরবি–৭ সূত্র জানায়, ২০০৪ সালে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে ওমানে পালিয়ে যান মো. নাছির। সেখানে প্রকৃত পরিচয় গোপন করে মো. আজম নামে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি। সমপ্রতি গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি–৭ জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এই আসামি হাটহাজারী এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে রোজী আকতারের মরদেহ তার বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক নিশ্চিত করেন, রোজী আকতারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে এবং নিহত রোজী আকতারের বড় ভাই মো. আবু তাহেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ২ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবদুল মান্নান প্রায়ই রোজী আকতারকে উত্ত্যক্ত করতেন। রোজীর পরিবার তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ ছিলেন আবদুল মান্নান। ২০০৪ সালের ১৫ মে রাত আনুমানিক ৯টার দিকে রোজী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আবদুল মান্নান ও মো. নাছির তাকে জোরপূর্বক মান্নানের দোকানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
পরে রোজীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে তাদের দেখা হয়। এ সময় রোজী বাড়িতে যেতে চাইলে আবদুল মান্নান ও মো. নাছির তাকে আবারও ধর্ষণ করেন। একপর্যায়ে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় রোজী আকতারের মরদেহ তার বসতবাড়ির একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।







