১৪ পদের ১৩টি বিএনপির

সুপ্রিম কোর্ট বার নির্বাচন

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বাইরে রেখে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে নির্বাচন হলো, তাতে নিরঙ্কুশ জয় পেলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সমিতির ২০২৬২০২৭ সেশনের এই নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে। আর জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন। সভাপতি পদে বিজয়ী হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। খবর বিডিনিউজের।

বৃহস্পতিবার গভীর রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাবকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে দুই সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. জিয়াউর রহমান। আর দুটি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।

সাতটি সদস্য পদের মধ্যে নীল প্যানেলের ছয়জন জয়ী হয়েছেন। তারা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সদস্য পদের বাকি একটিতে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

গত বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোটাধিকার প্রয়োগ করেন ৪ হাজার ৪৮ জন, যা মোট ভোটারের ৩৬.৪৮ শতাংশ। বিগত বছরগুলোর তুলনায় এবার ভোটার উপস্থিতির হার কম ছিল।

পূর্ববর্তী নিবন্ধবিলের জন্য হাসপাতালে আটকা, জেলা প্রশাসনের হস্তক্ষেপে মওকুফ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ