খাগড়াছড়ির গুইমারায় শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলায় ১০ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার আসামি হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলার এলাকায় খেলাধুলা করছিল শিশু আবু ইউসুফ রানা। এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে কয়েকজন মিলে রানাকে ধরে দক্ষিণ দিকের পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। পরদিন সকালে ওই এলাকার একটি স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা করেন। মামলায় হযরত আলী ও রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রায়ের পর হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।












