নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়া পর যুক্তরাষ্ট্রের আরেকটি অঙ্গরাজ্যে যেতে বাংলাদেশ কনস্যুলেটের প্রটোকল ও নিরাপত্তা পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওই ঘটনায় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় প্রশাসনকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্কের কনস্যুলেটের তরফে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়ার কথা গতকাল বৃহস্পতিবার বিডিনিউজকে বলেছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার কাছে বার্তা পাঠান, যাতে মুহাম্মদ ইউনূসকে প্রটোকল ও নিরাপত্তা দেওয়া হয়। উনি অন্য একটা স্টেটে যেতে চাচ্ছিলেন। আমি নিজে ড্রাইভ করেই আসলে ড. ইউনূস স্যারকে এবং স্যারের সফরসঙ্গীকে সেখানে নিয়ে যাই।
দুটি গাড়ি নিয়ে মুহাম্মদ ইউনূসকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন মোজাম্মেল হক। একটি গাড়িতে কনস্যুলেটের ভাড়া করা নিরাপত্তা কর্মী এবং প্রটোকলের সঙ্গে জড়িত ব্যক্তিরা ছিলেন। মোজাম্মেল হক বলেন, ওই রাতে আমি ফিরে আসি এবং ভোরবেলা আমি আবার আমার কর্মস্থলে পৌঁছাই।










