হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায় : তথ্য উপদেষ্টা

দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই : প্রধান কৌঁসুলি

আজাদী ডেস্ক | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিজেই দেশে ফিরতে চান, সেক্ষেত্রে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকা উচিত নয় বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।

শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কী–এমন প্রশ্নে তিনি বলেন, ব্যাপারটা এ রকম, আমরা চাই উনাকে প্রত্যর্পণ করা হোক। উনাকে ধরে আনতে চাই, উনাকে ধরে আনাই উচিত।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে ‘মকারি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, পাসপোর্ট আইনে দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। খবর বিডিনিউজের।

আর প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনা যে আদালতের আশ্রয় নিতে পারতেন, সে কথা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, এখন উনি তো নিজেই আসতে চান, তার মানে উনার কোর্টে যাওয়ার দরকার নেই। প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার কোনো কারণ দেখছেন না জানিয়ে তিনি বলেন, প্রত্যর্পণ নিয়ে প্রসেসের কথা বলা হয়েছে, আইনি জটিলতার কথা বলা হয়েছে। আমি অন্তত সেটা দেখি না। ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাঠানো প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে। তবে শেখ হাসিনা নিজে এখনো আবেদন করেননি। ল ফার্ম দিয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে মন্তব্য করে তিনি বলেন, গতকাল আমরা দেখেছি, দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়েছেন, একটি ল ফার্ম থেকে চিঠি পেয়েছেন। তারা বলেছে, তাকে (শেখ হাসিনা) পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি।

উপদেষ্টা বলেন, ভারত সরকারও শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে। উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। তো উনি ওখানে আছেন, ইটস কনফার্ম। এবং আমাদের কনভিকশন আছে, আর সেটা নিয়ে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে চেয়েছি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তিনি কীভাবে ফিরবেন, সেই প্রক্রিয়া মেনেই তাকে দেশে আনা হবে। রাষ্ট্র হিসেবে প্রত্যর্পণ চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কনভিক্টেড আসামি, তিনি পালিয়ে আছেন। সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, সেই প্রসেসেই পেতে চাই। সেই প্রসেসে এটা ম্যাটার করে। আমি শুধু কী করতে চাইছি তা নয়, কীভাবে করব, প্রসেসটা কীভাবে প্রতিপালিত হবে, সেটাই আমাদের কাছে প্রশ্ন।

দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই : পাসপোর্ট আইনে দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩–এর ৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে। একই অনুচ্ছেদে ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার সুযোগ রয়েছে।

আমিনুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে ‘খুব সঙ্গত কারণেই’ বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার অধিকার প্রসঙ্গে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে তিনি বলেন, এই অনুচ্ছেদে নাগরিকের বিদেশে যাওয়া এবং দেশে ফেরার অধিকার দেওয়া হয়েছে। তবে তার মতে, দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এ অধিকার প্রযোজ্য নয়।

শেখ হাসিনা যে বিচার চলাকালে দেশে ফিরে মামলার মুখোমুখি হননি, সে প্রসঙ্গ ধরে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো এড়িয়ে গেছেন শেখ হাসিনা।

তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কী করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তো বিচারের সঙ্গে এটা রাষ্ট্রের একটা মকারির শামিল হবে।

তবে শেখ হাসিনার ভারতে অবস্থানের বর্তমান মর্যাদা বিবেচনায় বান্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি প্রধান কৌঁসুলি। একই প্রশ্নে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের পর তার নাগরিকত্ব বাতিল হয়েছিল কি না এবং সেই অবস্থায় তার বিচার হয়েছে কি না, জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, এইটা বোধহয় বিভ্রান্তিকর বক্তব্য, আমি এইটার কোনো উত্তর দিলাম না, আপনি এটা একটু দেখেন। এই প্রশ্নটা বোধহয় সঠিক হয় নাই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরে আর আপিলের সুযোগ নেই। শেখ হাসিনা রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করেননি জানিয়ে তিনি বলেন, ফলে তার আপিল করার আর আইনগত সুযোগ নেই বলে তিনি মনে করেন।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না
পরবর্তী নিবন্ধলেকসিটি বিজয় নগরে পাহাড় কেটে নির্মাণ হচ্ছে পাকা ঘর