হাসিখুশি মেয়েটা এভাবে চলে যাবে ভাবতে পারিনি

ডেঙ্গুতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে ঝরে গেল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জয়শ্রী দত্তের প্রাণ। জয়শ্রী আনোয়ারার চাতুরি ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের পশ্চিম পাড়া এলাকায় দর্জি সুমন দত্ত ও মিতা দত্তের মেয়ে। পরিবার নিয়ে তারা হালিশহর কে ব্লকে ভাড়া থাকে।

পরিবার সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর কাপ্তাইয়ে আত্মীয়ের বিয়েতে অংশ নেয় সুমন দত্তের পরিবার। সেখানে কাপ্তাই হ্রদে নৌকায় সবার সঙ্গে হাসাহাসি ও খুনসুটিতে মেতে ছিল জয়শ্রী। বিয়ের অনুষ্ঠান শেষে গত ২৮ অক্টোবর নগরীতে ফেরার পর তার হালকা জ্বর আসে। সেদিনই তাকে নগরের বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে জয়শ্রীর। পরে গত বৃহস্পতিবার তাকে নগরীর মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয়। পরে গত কেঁয়াগড় গ্রামে শনিবার সন্ধ্যায় তার সৎকার করা হয়।

হালিশহরের কে ব্লকের আমানত টেইলার্সের দর্জি সুমন দত্ত জানান, বড় ছেলে দুর্জয় দত্ত আনোয়ারা কলেজে স্নাতকে পড়ে। আর যমজ মেয়ে দিয়া ও রিয়ার বয়স সাত বছর। তারা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জয়শ্রী খুব হাসিখুশি একটা মেয়ে ছিল। এভাবে চলে যাবে, ভাবতে পারিনি। সে হালিশহর শাহীন স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের ব্যাটে রেকর্ড,হার এড়াল বাংলাদেশ