নগরীর হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. ছায়েদুর রহমান। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তিনি। গতকাল রাত ৯টার দিকে হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সাথে একটি সভায় ছিলেন। তখন তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। পরে সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় ছায়েদুর রহমান স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে তার স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি হালিশহর থানায় জানানোর পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
আরো জানা যায়, ছায়েদুর রহমানের তিন মেয়ে। তার বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।












