আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে যৌক্তিক আচরণ বজায় রাখা, সংযম প্রদর্শন, ইসলামাবাদ সমঝোতায় ফিরে আসা এবং গঠনমূলক আলোচনা শুরুর তাগিদ দিয়েছে চীন। হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আর্জিও জানিয়েছে দেশটি। গতকাল বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটন ও তেহরানকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট আলোচনায় বসার আহ্বান জানান। খবর বিডিনিউজের।
একইসঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দ্রুত পুনরায় চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে ওয়াং ই বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সব পক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। চলমান সংঘাতের উত্তাপ যেন ইয়েমেন ও লোহিত সাগর অঞ্চলে আর ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সতর্ক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।












