হরমুজে হামলা বন্ধে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চাইছে যুক্তরাষ্ট্র। ওমানে শনিবার অনুষ্ঠেয় আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন দাবি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যম লিখেছে, তেহরান অনানুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানো একটি ভুল ছিল। বিবিসি লিখেছে, হামলার জন্য ইরানিরা নিজেদের একটি দলছুট গোষ্ঠীকে দায়ী করেছে বলে খবর বেরিয়েছে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে চলতি সপ্তাহের লড়াইয়ের পরও উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। খবর বিডিনিউজের।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে। সেই চুক্তির অংশ হিসেবে ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের ব্যবস্থা করতে রাজি হয়েছিল। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, কিছু কঠোরপন্থি মানুষ ভুল পথে গিয়ে বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনা বিফলের চেষ্টা করছে। একজন কর্মকর্তার ভাষ্য, ইরানিরা আবার আলোচনায় ফিরে এসে বলেছে, আমরা ভুল করে ফেলেছি। আসুন আলোচনা চালিয়ে যাই। মার্কিন কর্মকর্তারা শুক্রবার ব্রিফিংয়ে বলেছেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের নেতৃত্বকে একটি বার্তা পাঠানো হয়েছে। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বার্তায় ইরানের কাছে একটি বিবৃতি চাওয়া হয়েছে, যাতে তারা বলে যে হরমুজ প্রণালি খোলা আছে এবং তারা বাণিজ্যিক জাহাজে গুলি করা বন্ধ করবে। একজন কর্মকর্তা বলেছেন, তারা হয় আমাদের ওই বিবৃতি দেবে, নাহয় তাদের জন্য ভালো ফল হবে না। সিবিএসের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজ চাইছে, জাহাজে গুলি করা ভুল ছিল এমন কথা ইরান প্রকাশ্যে স্বীকার করুক।

বিবিসি লিখেছে, শনিবার ওমানে তেহরান ও ওয়াশিংটনের বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইসপ্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পশ্চিম এশিয়া আলোচনায় সম্পৃক্ত বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এরমধ্যে উত্তেজনা প্রশমনে এবং হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল সহজ করতে কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার ইরান সফর করেছে। ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্টে দাবি করেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আলোচনা চালিয়ে যেতে আমাদের অনুরোধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধরায়ানএয়ারের ফ্লাইটের ভাঙা জানালা দিয়ে তীব্র বাতাসে উড়ে যাচ্ছিলেন যাত্রী
পরবর্তী নিবন্ধরবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি