পাকিস্তানের বিপক্ষে হেরে জুনিয়র এশিয়া কাপ হকির পুল পর্ব শেষ করল বাংলাদেশ। তিনজিয়ানে পুল ‘বি’ এর ম্যাচে বুধবার ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে চার ম্যাচের তিনটিতে হারের তেতো স্বাদ পেল দল। চীনের বিপক্ষে ৩–২ গোলে হেরে প্রতিযাগিতা শুরুর পর ৪–২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪–২ গোলে জয় পায় ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় বিবর্ণ। প্রথম কোয়ার্টারে রানা ওয়ালিদের জোড়া ফিল্ড গোলে চাপে পড়ে যায় দল। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে খেলায় কিছুটা ধার বাড়লেও বাংলাদেশ পায়নি গোলের দেখা। তবে, ব্যবধান বাড়াতে পারেনি পাকিস্তানও। চতুর্থ ও শেষ কোয়ার্টারে পাল্টা আক্রমণে গোল করে বাংলাদেশকে আরও কোণঠাসা করে ফেলে পাকিস্তান।











