চট্টগ্রামের লোহাগাড়া, চকরিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী এবং খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও দুজন ব্যবসায়ী। এসব দুর্ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। গত রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত থেকে সোমবার বেলা পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সদর ও চুনতি ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে সদর ইউনিয়নের মোস্তাক আহমদ চৌধুরীর (সাবেক এমপি) বাড়িঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। চট্টগ্রামমুখী একটি বাসের ধাক্কায় ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে অন্য একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার ভোরে চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এসপি ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও বাস দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী সামশুল ইসলাম (৭০) নিহত হন। তিনি চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহ ছাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে তেলবাহী লরির ধাক্কায় ছিটকে গিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী। সোমবার বিকেলে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারা স্টেশনের কাছে পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আবদুর নূর সওদাগর (৫৬)। তিনি উত্তর হারবাং রোডপাড়া এলাকার বাসিন্দা এবং আজিজনগর স্টেশনের চাল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবদুর নূর সওদাগর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে নিজের খামারবাড়িতে যাচ্ছিলেন। তিনি উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি তেলবাহী লরির সাথে ধাক্কা খায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে কঙবাজারমুখী একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের সাউন্ট হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বিকেলে তিনি মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম ফরহাদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ি–দীঘিনালা সড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিরুপন চাকমা দীঘিনালা থেকে মোটরসাইকেলে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পিকআপ ও চালক বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।
নিহতের এক স্বজন অর্থি চাকমা বলেন, নিরুপন চাকমা বয়সের কারণে ধীরগতিতে মোটরসাইকেল চালাতেন। তিনি দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরে আসার পথে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকেরা ধাওয়া দিয়ে তাকে ও গাড়িটি আটক করেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি টেঙির ধাক্কায় উজ্জ্বল শীল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ও টেঙিচালক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে নাজিরহাট নতুন রাস্তার পূর্ব পাশে মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল শীল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলবাড়ি এলাকার বিভূতিভূষণ শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে হাটহাজারীতে লক্ষ্মীপূজার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উজ্জ্বল শীল। অনুষ্ঠান শেষে রাতে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে টেঙিটি সজোরে ধাক্কা দেয়। এতে টেঙিটি দুমড়েমুচড়ে যায়। আহত হন উজ্জ্বল শীল, তার মেয়ে ও চালক।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে উজ্জ্বল শীলের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শামসুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে একটি প্রাইভেট কারের ধাক্কায় দুটি সিএনজি টেঙির চালক ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মহিলা মাদ্রাসার উত্তর পাশে হাটহাজারী–নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১), রিংকু (২২), সিদরাতুল মোনতাহা (১৪), শামীমা আক্তার (৩৪), শাহাব উদ্দিন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) ও টেঙিচালক ফয়সাল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি টেঙিকে সজোরে ধাক্কা দেয়। এতে টেঙি দুটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে রাহাত, নাদিয়া, সাদিয়া ও রিংকুর আঘাত গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়। অন্য ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক আফরুজা খাতুন ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামসুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।












