সৎভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

মহেশখালীতে বসতভিটা নিয়ে বিরোধ

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

মহেশখালীতে বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে সৎ–ভাইয়ের হাতে হাজী মহিবুল্লাহ সরকার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সৎ–ভাই নেচার উল্লাহকে উত্তেজিত জনতা আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২২ নভেম্বর সকাল ১০টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামে। নিহত হাজী মহিবুল্লাহ সরকার ও ঘাতক নেচার উল্লাহ উভয়ই উক্ত গ্রামের মৃত হাজী মোহাম্মদ খলিলের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সৎ–ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল ২২ নভেম্বর সকাল ১০ টায় হাজী মহিবুল্লাহ সরকার ও ছোট সৎভাই নেচার উল্লাহ’র সাথে বাক–বিতণ্ডা হয়। একপর্যায়ে নেচার উল্লাহ’র ইটের আঘাতে হাজী মহিবুল্লাহ সরকার গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এদিকে ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতা ঘাতক নেচার উল্লাহকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ আবদুস সুলতান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক নেচার উল্লাহকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার পারিপার্শ্বিকতা এবং জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : পার্বত্য প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে কমছে চিনির দাম