স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি। ১২ ঘণ্টা প্যারোলে মুক্তির নির্ধারিত সময়ের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৮ মিনিটে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এদিন সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ৯টায় তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। সেখান থেকে গুলশানের আজাদ মসজিদের জানাজা এবং রাজধানীর বনানী কবরস্থানে দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক এই মন্ত্রী। দীপু মনির আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, আমরা চার দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। খবর বিডিনিউজের।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তৌফিক নেওয়াজের মৃতদেহ সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি স্বামীর লাশ দেখেন। এরপর মৃতদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
প্যারোলে মুক্তির আইনি ভিত্তি সম্পর্কে ফয়সাল ইসলাম বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী তারা ১২ ঘণ্টার প্যারোল পান দীপু মনি।












