চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে চমেকের শহীদ শাহ আলম বীরউত্তম মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সেমিনার পরবর্তী একটি বর্ণাঢ্য র্যালি চমেক হাসপাতালের আশপাশে প্রদক্ষিণ করে। চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগ ও নিউরোসার্জারি বিভাগ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন চমেক হাসপাতাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাঈমা মাসরুরা এবং নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইমরান হোসেন। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, জীবনযাপনের পরিবর্তন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক বাড়ছে। স্ট্রোকের চিকিৎসা শতভাগ নিরাময়যোগ্য না হলেও নিয়মতান্ত্রিক চলাফেরা করে সুস্থ থাকা সম্ভব। দুই ধরনের স্ট্রোক রয়েছে। এর মধ্যে ৮৬ শতাংশ হলো ইস্কেমিক স্ট্রোক এবং ১৪ শতাংশ হলো হেমোরজিক স্ট্রোক। চমেক হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রিফাত কামালের সঞ্চালনায় সেমিানারে উপস্থিত ছিলেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন। এছাড়া প্যানেল অব এঙপার্ট হিসেবে উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহবুবুল আলম খন্দকার এবং নিউরোসার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নিউরোসার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মাজেদ সুলতান।












