স্কেচ গ্যালারি-নন্দনের রূপসজ্জা কর্মশালা

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের নাট্যাঙ্গনে দক্ষ রূপসজ্জাশিল্পী তৈরি এবং প্রয়াত নাট্যকর্মী শাহীনূর সারোয়ারের স্মৃতিকে ধারণ করে স্কেচ গ্যালারি–নন্দনের আয়োজনে দুই দিনব্যাপী ‘শাহীনূর সারোয়ার স্মৃতি রূপসজ্জা কর্মশালা’ সম্পন্ন হয়েছে। গত ২০ ও ২১ নভেম্বর মেহেদীবাগস্থ সংগঠনের মহড়া কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান।

এতে চট্টগ্রামের ১৫ জন নাট্যকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিন মঞ্চনাটকের রূপসজ্জার মৌলিক কলাকৌশল হাতে–কলমে শেখানো হয়। দ্বিতীয় দিন চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া রূপসজ্জার তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি রূপসজ্জার ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন সূক্ষ্ম দিক তুলে ধরেন।

অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া বলেন, নাটকে রূপসজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলেও চট্টগ্রামে এখনো নিয়মিতভাবে দক্ষ রূপসজ্জাশিল্পী তৈরি হয়নি।

কর্মশালা পরিচালনাকারী শাহরিয়ার হান্নান বলেন, নিয়মিত চর্চা ছাড়া রূপসজ্জায় দক্ষতা অর্জন সম্ভব নয়। শাহীনূর সারোয়ারের মৃত্যুর পর চট্টগ্রামের মঞ্চনাটকের রূপসজ্জায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আ.লীগ, যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক সুমন গ্রেপ্তার