চন্দনাইশে এবার আড্ডারত ১৭ জন শিক্ষার্থীকে স্কুলে পাঠালেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। স্কুল চলাকালে ওই ১৭জন শিক্ষার্থী ঝাউবাগানে বসে জমজমাট আড্ডায় মেতেছিল। খবর পেয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার গতকাল ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপস্থিত হন সেখানে। এ সময় শিক্ষার্থীদের ডেকে কোনো প্রকার বকাঝকা না করেই হাতে খাতা–কলম তুলে দিয়ে বাংলা ও ইংরেজিতে লিখতে দেন ‘জীবনের লক্ষ্য’। এরমধ্যে কয়েকজন শিক্ষার্থী সুন্দর করে জীবনের লক্ষ্য লিখতে পারলেও বাকিরা ঘষামাঝাতেই ব্যস্ত ছিল। এরমধ্যে আবার কয়েকজনকে দেখে দেখে পড়তে দেওয়া হয়। শিক্ষকের ভূমিকায় ইউএনও এ শিক্ষার্থীদের পরখ করার পাশাপাশি শেখালেন একজন শিক্ষার্থীর জীবনের বাস্তব লক্ষ্য কি হওয়া উচিত। পরে শিক্ষার্থীদের স্ব–স্ব বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পাঠানো হয় স্কুলে। শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, সঠিক দিকনির্দেশনা পেলেই কোমলমতি শিক্ষার্থীদের জীবনের গতিপথ পাল্টে যাবে। অনেক সুন্দর ও সুগঠিত হবে তাদের জীবন। তাই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের।












