সৌদিতে ফ্লাইট স্থগিত ১৪৪টি, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে একের পর এক ফ্লাইট স্থগিত হচ্ছে। এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

গতকাল শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস–বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে। খবর বিডিনিউজের।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট স্থগিত হয়েছে। ফ্লাইট স্থগিতের কারণে এসব এয়ারলাইন্সের যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছেন না। এতে ভ্রমণ পরিকল্পনা, কর্মস্থলে ফেরা এবং পরবর্তী সংযোগ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। সব মিলিয়ে স্থগিত হওয়া ১৪৪টি ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী।

পূর্ববর্তী নিবন্ধভিটামিনের ওষুধের কৌটায় মিলল ৭৩টি ইয়াবা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু