সোনাগাজী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একগুচ্ছ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সোনাগাজীর যোগাযোগ ব্যবস্থা, পানি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অবকাঠামোর উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সমিতির পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবি হলো—
১. লালপুল ফ্লাইওভার নির্মাণ করতে হবে।
২. মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণ করতে হবে।
৩. মঙ্গলকান্দি (ডাকবাংলা) এলাকার বন্ধ হয়ে যাওয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পুনরায় চালু করতে হবে।
৪. কুঠিরহাটে একটি প্রশাসনিক থানা ও সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।
৫. সোনাগাজী হাসপাতালকে আধুনিকায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সোনাগাজীর বিপুলসংখ্যক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে এসব সমস্যায় ভুগছে এবং এর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে উদ্যোগ নেওয়া প্রয়োজন। জনস্বার্থ বিবেচনায় দাবিগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
সোনাগাজী সমিতি, চট্টগ্রামের নেতৃবৃন্দ বলেন, এই পাঁচ দফা দাবি বাস্তবায়িত হলে সোনাগাজীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক সুবিধা ও জননিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাগাজী সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজ্জাদুল হক, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহম্মদ মিঞা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, নির্বাহী সদস্য মহিউদ্দিন হেলাল ও নির্বাহী সদস্য মহিউদ্দিন মজনু প্রমুখ।













