সেমিফাইনালে রাইয়ান ও এনএইচটি স্পোর্টস ক্লাব

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি–২০ লিগের (সিএফএল) দ্বিতীয় আসরে গতকাল রোববার চতুর্থ দিনের খেলায় জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছেছে রাইয়ান স্পোর্টস ও এনএইচটি স্পোর্টস ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রাইয়ান স্পোর্টস ক্লাব ৬ উইকেটে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। টসে জিতে রাইয়ান স্পোর্টস প্রথমে ব্যাট করতে পাঠায় ব্রাদার্স ইউনিয়নকে। ব্রাদার্স ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২১ রান সংগ্রহ করে। জবাবে রাইয়ান স্পোর্টস ৪ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১২৭ রান তুলে নেয়। ২৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে বিজয়ী দলের জায়েদউল্লাহ ম্যাচসেরা হন।

ম্যাচসেরা জায়েদউল্লাহ ও গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ তালহা জুবায়েরের (৪০ বলে অপ. ৪৯ রান) হাতে পুরস্কার তুলে দেন বিসিবি’র এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান তপু। দ্বিতীয় খেলায় এনএইচটি স্পোর্টস ৩৭ রানে বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাবকে হারিয়ে প্রথম জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এ জয়ে তারা শ্রেয়তর রান গড়ে ব্রাদার্সকে পেছনে ফেলে সেমিফাইনালে যায়। টসে জিতে এনএইচটি প্রথমে ব্যাট করতে নামে। ওপেনার নাজিমুদ্দিনের অপরাজিত সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১৮০ রান সংগ্রহ করে। জবাবে বেঙ্গল স্টার্স ক্রিকেট ক্লাব ১৯.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সমর্থ হয়। বিজয়ী দলের ওপেনার নাজিমউদ্দিন সাব্বির ৬৬ বলে ১২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করে ম্যাচসেরা হন। আর ৩৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে সাখাওয়াত সায়মুন গেম চেঞ্জার অব দ্যা ম্যাচ হয়েছেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান। আজকের খেলা–অগ্রসর বয়েজ ক্লাব:আম্বিয়া স্পোর্টস (সকাল ৯টা)।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে দাবা প্রতিযোগিতায় নুহাশের শীর্ষস্থান লাভ
পরবর্তী নিবন্ধপাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার