বাংলাদেশের পাঠকদের, বিশেষ করে আশির ও নব্বইয়ের দশকের কিশোর–তরুণদের কৈশোর স্মৃতির ‘অবিচ্ছেদ্য অংশ’ হয়ে ওঠা সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত ‘সাময়িক কার্যক্রম স্থগিতের’ নোটিশটি সেবার ফেসবুক পেইজে পোস্ট করা হয়। নোটিশটি পোস্ট করেন সেবা প্রকাশনীর উদ্যোক্তা প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী ও প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। নোটিশে বলা হয়, পাঠক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেবা প্রকাশনীতে অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সমপ্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। খবর বিডিনিউজের।
কাজী আনোয়ার হোসেনের হাত ধরে ১৯৬৩ সালের মে মাসে যাত্রা শুরু হয়েছিল সেবা প্রকাশনীর। মাসুদ রানা, কুয়াশা, তিন গোয়েন্দা, এবং রোমাঞ্চকর অনুবাদ সিরিজগুলো দিয়ে দ্রুত সেবা প্রকাশনী সব ধরনের পাঠকের কাছে পৌঁছে যায়। বিশেষ করে পেপারব্যাক সাহিত্যের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ সৃষ্টির ব্যাপারে সেবা প্রকাশনী পালন করেছিল অগ্রণী ভূমিকা।












