বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি দেশের প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনার অনন্য প্রতীক। স্বচ্ছ নীল জল, প্রবাল, নারিকেলগাছের সারি এবং দ্বীপের স্বতন্ত্র জীবনযাত্রা প্রতিবছর দেশি–বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু এই সৌন্দর্য রক্ষার পাশাপাশি পর্যটকের যাতায়াত, স্বাচ্ছন্দ্য ও ভ্রমণ–অভিজ্ঞতার বিষয়টিও সমান গুরুত্বের দাবি রাখে।
পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন–দুটিকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই। অনিয়ন্ত্রিত পর্যটন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করতে পারে, আবার পরিকল্পিত ও দায়িত্বশীল পর্যটন স্থানীয় মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে পারে। তাই সেন্টমার্টিনকে রক্ষা করার অর্থ পর্যটন বন্ধ করে দেওয়া নয়; বরং প্রকৃতির ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটনকে পরিচালনা করা।
যাতায়াতের সময়, ব্যয় ও ভোগান্তি :
সেন্টমার্টিন ভ্রমণের অন্যতম বড় চ্যালেঞ্জ এখন যাতায়াত। কক্সবাজারের নুনিয়াছড়া থেকে জাহাজে দ্বীপে পৌঁছাতে সাধারণত প্রায় ৬ু৭ ঘণ্টা সময় লাগে। আবহাওয়া ও সমুদ্রের অবস্থার পাশাপাশি জোয়ার–ভাটার কারণে যাত্রার সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। কখনো নির্ধারিত সময়ে জাহাজ ছাড়তে না পারায় পর্যটকদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। ফলে ভ্রমণের আনন্দের একটি বড় অংশ ব্যয় হয় যাত্রাপথেই।
বর্তমান ভাড়ার কাঠামোও পর্যটকের ব্যয় বাড়িয়েছে। প্রচলিত শ্রেণিভেদে সাধারণ আসনের ভাড়া সর্বনিম্ন ৪ হাজার ২০০ টাকা, অতিরিক্ত প্লাস্টিক চেয়ারের আসন ৩ হাজার টাকা এবং স্ট্যান্ডবাই টিকিট ২ হাজার ২০০ টাকা। পরিবার নিয়ে ভ্রমণ করলে যাতায়াত ব্যয় অনেকের জন্য বড় বিবেচ্য হয়ে দাঁড়ায়।
সরকারি ক্যারিং ক্যাপাসিটি পোর্টাল শুধু নুনিয়াছড়া থেকে চলাচলকারী জাহাজমালিকদের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। পর্যটক যেন নিজেই পোর্টালে প্রবেশ করে নির্ধারিত ধারণক্ষমতাসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।
অথচ টেকনাফ থেকে সেন্টমার্টিনের দূরত্ব প্রায় ৩৪ু৩৫ কিলোমিটার। এর প্রায় ১৩ কিলোমিটার নাফ নদী দিয়ে এবং বাকি অংশ বঙ্গোপসাগর পেরিয়ে যেতে হয়। এই পথে যাত্রার সময় ঐতিহাসিকভাবে প্রায় আড়াই ঘণ্টা এবং ভাড়া ছিল ৭০০ টাকা। জোয়ার–ভাটার কারণে নুনিয়াছড়া রুটের মতো সময়সূচিতে তুলনামূলক কম বিঘ্ন ঘটার অভিজ্ঞতাও রয়েছে। ফলে টেকনাফ রুটটি পর্যটকের সময় ও যাত্রার স্বাচ্ছন্দ্যের বিচারে গুরুত্বপূর্ণ ছিল।
তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের সংঘাত এবং সীমান্ত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে টেকনাফ–সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। দ্বীপ ও পর্যটকদের স্বার্থে পুনরায় টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল চালুর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে।
পর্যটকের সময়ও অর্থনৈতিক সম্পদ :
পর্যটন অর্থনীতিতে সময়ের একটি বাস্তব মূল্য রয়েছে। একজন পর্যটক যদি যাতায়াতেই দিনের বড় অংশ ব্যয় করেন, তাহলে দ্বীপে অবস্থান, হোটেল–রিসোর্টে থাকা, খাবার, স্থানীয় পরিবহন, কেনাকাটা ও অন্যান্য পর্যটন কার্যক্রমের জন্য তাঁর হাতে সময় কমে যায়। এতে পর্যটকের অভিজ্ঞতা যেমন সীমিত হয়, তেমনি স্থানীয় ব্যবসায়ী, পরিবহনকর্মী, হোটেল–রেস্তোরাঁ এবং ক্ষুদ্র উদ্যোক্তার সম্ভাব্য আয়ও কমে যেতে পারে।
পর্যটন শুধু জাহাজের টিকিট বা দ্বীপে প্রবেশের বিষয় নয়; এর সঙ্গে একটি বিস্তৃত অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। পর্যটক যত স্বাচ্ছন্দ্যে ও পরিকল্পিতভাবে ভ্রমণ করতে পারবেন, স্থানীয় অর্থনীতিতে তাঁর ব্যয়ের সুযোগও তত বাড়বে। তাই যাতায়াতের সময়, ব্যয় ও নির্ভযোগ্যতা– সবই পর্যটন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের পর্যটকদের সামনে এখন বিকল্প গন্তব্যের অভাব নেই। দেশের অভ্যন্তরে মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, নিঝুম দ্বীপ, কুয়াকাটা, ভোলার জ্যাকব টাওয়ার, সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটনও ক্রমেই সহজলভ্য হচ্ছে। ফলে কোনো গন্তব্যে অতিরিক্ত ব্যয় ও অসন্তোষজনক সেবার অভিজ্ঞতা তৈরি হলে পর্যটক স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজবেন। এটি শুধু একটি গন্তব্যের জন্য নয়, দেশের সামগ্রিক পর্যটন অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়।
সংরক্ষণ ও পর্যটকের স্বার্থ : সেন্টমার্টিনের পরিবেশগত সীমাবদ্ধতা বাস্তব। প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি এবং দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা না করে পর্যটনের প্রসার দীর্ঘমেয়াদে কারও জন্যই কল্যাণকর হবে না। একই সঙ্গে পর্যটকের জন্য পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ যাতায়াত, স্বচ্ছ ভাড়ার কাঠামো এবং নির্ভরযোগ্য সময়সূচি প্রত্যাশা করাও অযৌক্তিক নয়।
পর্যটকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা মানেই পরিবেশের ওপর চাপ বাড়ানো নয়। বরং নির্ধারিত ধারণক্ষমতার মধ্যে পর্যটন পরিচালনা, দায়িত্বশীল আচরণ, বর্জ্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ– এসবের মধ্য দিয়েই সংরক্ষণ ও পর্যটনের মধ্যে ভারসাম্য তৈরি হতে পারে। দ্বীপের মানুষকে পর্যটন অর্থনীতির অংশীদার করা গেলে সংরক্ষণের সামাজিক ভিত্তিও শক্তিশালী হবে।
সেন্টমার্টিনের পর্যটন বন্ধ হয়ে যাওয়া কারও কাম্য হতে পারে না। বরং প্রয়োজন এমন একটি পর্যটনব্যবস্থা, যেখানে পরিবেশ সংরক্ষণ, নিরাপদ যাতায়াত, যৌক্তিক পরিবহন ব্যয়, মানসম্মত যাত্রীসেবা এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থ সমান গুরুত্ব পাবে।
সেন্টমার্টিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তাই শুধু পর্যটকের সংখ্যা বা জাহাজ চলাচলের হিসাবের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দ্বীপের প্রকৃতি, স্থানীয় মানুষের জীবন–জীবিকা, পর্যটকের অধিকার ও অভিজ্ঞতা এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসার টেকসই সম্ভাবনাকে একসঙ্গে বিবেচনা করতে হবে। সেন্টমার্টিনের প্রকৃতি রক্ষা এবং পর্যটকের অধিকার নিশ্চিত করা পরস্পরবিরোধী কোনো লক্ষ্য নয়। বরং এই দুইয়ের সমন্বয়ই দ্বীপটির পর্যটন সম্ভাবনাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে পারে।
পর্যটন হবে আনন্দ ও প্রশান্তির, ভোগান্তি ও অযৌক্তিক ব্যয়ের নয়। প্রকৃতিকে অক্ষত রেখে পর্যটকের যাত্রা সহজ ও সম্মানজনক করা সম্ভব হলেই সেন্টমার্টিন সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল পর্যটন গন্তব্য হয়ে উঠবে।
সেন্টমার্টিন বাঁচুক প্রকৃতির সৌন্দর্যে, পর্যটকের স্বাচ্ছন্দ্যে এবং স্থানীয় মানুষের সমৃদ্ধিতে– এটাই হওয়া উচিত বাংলাদেশের টেকসই পর্যটনের প্রত্যাশা।
লেখক: প্রাবন্ধিক; ডিরেক্টর, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)












