জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে শতরানের দেখা পেয়েছেন চট্টগ্রামের সাদিকুর রহমান এবং শাহাদাত হোসেন। প্রথম রাউন্ডের মতো এবারও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন সাদিকুর। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি বরিশালের বিপক্ষে মাঠে ছড়ি ঘুরিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। সারা দিন ৮১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪০৭ রান যোগ করেন তারা। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৯ রান। এরই মধ্যে ১৯৩ রানের লিড পেয়ে গেছে তারা। ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দিনের খেলা শুরু করেন মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। সেই জুটি ভাঙে ১১৯ রানে। ৬ চার ও ২ ছক্কায় ৭৫ বলে ৫৭ রান করে ফেরেন জয়। পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১২৫ রান যোগ করেন সাদিকুর। ওয়ানডে মেজাজে খেলে ৬ চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৭৪ রান করে আউট হন পারভেজ। জয়–পারভেজ ফিফটি পেরিয়ে থেমে গেলেও, অবিচল থেকে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে নিজের পঞ্চম সেঞ্চুরি করে ফেলেন সাদিকুর। আগের রাউন্ডে ১১৫ রানের ইনিংস খেলা বাঁহাতি ওপেনার এবার করেন ১৯ চার ও ২ ছক্কায় ১৬৩ বলে ১৪৯ রান। পাঁচ নম্বরে নামা ইয়াসির আলি চৌধুরি ফিরে যান অল্পেই। এরপর আর বিপদ ঘটতে দেননি শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুর। অবিচ্ছিন্ন জুটিতে দুজন মিলে যোগ করেন ১৭১ রান। প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিতে ১০১ রানে অপরাজিত শাহাদাত। একই সম্ভাবনা জাগিয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৯৯ বলে ৯২ রান করে ফেলেছেন ইরফান।












