রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লিগে গতকাল রোববার ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় জয় পেয়েছে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, চিটাগাং ক্রিকেট একাডেমি(সিসিএ), চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি এবং মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৩৪ রানে শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ইস্পাহানি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯০ রান করে। জবাবে গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাব ১৪.৫ ওভারে ৫৬ রানে অলআউট হয়। ইস্পাহানির ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন তৌসিফ তাজোয়ার। এছাড়া ইশরাফ উদ্দিন ১২, সাজ্জাদ হোসেন ১০ ও সাদনান শাহরিয়ার ১০ রান করেন। শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবের মাহারাব হোসেন ১০ রানে ৪ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। জবাবে শাহ গরীবুল্লাহ স্পোর্টিং ক্লাবের মারোয়ান চৌধুরীর ১৩ রান ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত খাতে ১১ রান যোগ হয়। ইস্পাহানি স্পোর্টিং ক্লাবের সাইফুল ইসলাম মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন। এছাড়া সাজ্জাদ হোসেন ১৫ রানে ২ উইকেট নেন।
দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় চিটাগাং ক্রিকেট একাডেমি ৬ উইকেটে স্বাধীনতা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করে স্বাধীনতা ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে ৭৫ রানে অলআউট হয়। জবাবে চিটাগাং ক্রিকেট একাডেমি ১৩.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান তুলে নেয়। স্বাধীনতা ক্রিকেট একাডেমির আনিসুর রহমান ৩৩ ও ইমতিয়াজ উদ্দিন ১৫ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির রাফি উদ্দিন ৮ ও মোহাম্মদ মোবারক ১৫ রানে ৩টি করে এবং আব্দুর নুর ৭ ও ইয়াছিন আরাফাত ২০ রানে ২টি করে এবং উইকেট নেন। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির হয়ে মাহির আহসাব সর্বোচ্চ অপ: ৩১ ও আহনাফ অপ: ১৫ রান করেন। স্বাধীনতা ক্রিকেট একাডেমির রিহাত সালমান ১৪ রানে ৩ উইকেট দখল করেন। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত অপর খেলায় চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি ৮ উইকেটে চিটাগাং ইয়থ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে চিটাগাং ইয়থ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৬৭ রান সংগ্রহ করে। জবাবে চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমি ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান তুলে নেয়। চিটাগাং ইয়থ ক্রিকেট একাডেমির ইনিংসে মোবাশ্বের হুদা (১৪) ছাড়া বাকিদের কেউই দু–অংকের রান করতে পারেননি। অতিরিক্ত রান হয় ১৬। চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমির রাহাদুল আমিন ৯ রানে ৩টি ও মোহাম্মদ আজমাইন ৮ রানে ২টি উইকেট নেন। চিটাগাং সানরাইজ ক্রিকেট একাডেমির ইনিংসে শ্রীকান্ত বৈষ্ণব অপ: ৩২ রান করেন। চিটাগাং ইয়থ ক্রিকেট একাডেমির নাহিদ হোসেন ১৯ রানে ২টি উইকেট নেন। বাকলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি সহজেই ১০ উইকেটে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। টস জয়ী মিরসরাই ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ১২.১ ওভারে বিনা উইকেটে ৯৯ রান তুলে নেয়। মিরসরাই ক্রিকেট একাডেমির প্রচুর্য্য রায় ১৭, দিব্য রাজ ধর ১১ ও গৌরব ধর নীল ১০ রান করেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির তন্ময় সুত্রধর ১৮ রানে ৩টি, আব্দুল আহাদ ১৬ রানে ২টি এবং শাফিন আহমেদ ১১ রানে ২টি উইকেট নেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির ইনিংসে আরফান চৌধুরী অপ: ৪২ ও শাফিন আহমেদ অপ: ৩৩ রান করে দলকে সহজ জয় পাইয়ে দেন।












