সুদানে শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা গতকাল ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এ ছয় শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। খবর বাসসের।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সামরিক ও বেসামরিক বিভিন্ন পদবীর কর্মকর্তা, অন্যান্য পদবীর সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জানাজার আগে শাহাদাত বরণকারীদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং তাঁদের নিকট আত্মীয়গণ বক্তব্য রাখেন। এরপর জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার মি. বরিস–এফ্রেম চৌমাভি বক্তব্য প্রদান করেন। নামাজে জানাজা শেষে তাঁদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয়দের কাছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন। জানাজা শেষে শাহাদাত বরণকারীদের পরিবারের কাছে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত পৃথক পৃথক শোকবার্তা হস্তান্তর করা হয়।












