সীতাকুণ্ডের বড়দারোগার হাট বাজারে অভিযান চালিয়ে রং মিশ্রিত ৩০ কেজি পোয়া ও লইট্যা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বি।
তিনি জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বড়দারোগার হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৩০ কেজি রং মিশ্রিত পোয়া ও লইট্যা মাছ জব্দ করে সেগুলো জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি দুই মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ। এতে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।












