মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে সাগরে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার শেষ দিনে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড অংশে অভিযান চালিয়ে ১০ জেলেকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১১ জেলেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বির নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ডের ভাটিয়ারী জোন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ১ মেট্রিক টন ইলিশ মাছ ও ১ লাখ মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। জব্দ করা নিষিদ্ধ জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে। জব্দ করা ইলিশ সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ জানান, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে উপজেলার বিভিন্ন এলাকায় ইলিশ সংরক্ষণে মোট ৩৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ৭৬টি মাছঘাট, ৭১টি আড়ত ও ৯৩টি বাজার পরিদর্শন করা হয়। অভিযানে মোট ১৪ দশমিক ৫৪৪ মেট্রিক টন ইলিশ এবং ১০ লাখ ১৬ হাজার ৮০০ মিটার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ৪ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ১৪টি মামলা, ১৮ জনের কারাদণ্ড এবং ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, শেষ দিনের অভিযানে ১০ জেলেকে তিন দিনের কারাদণ্ড এবং ১১ জেলেকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।











