ডায়াবেটিস বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে ‘ডায়াবেটিক ফুট’ বা ডায়াবেটিক পায়ের ক্ষত অত্যন্ত ভয়ংকর ও ব্যয়বহুল। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এ ধরনের ক্ষত থেকে সংক্রমণ, গ্যাংরিন এবং শেষ পর্যন্ত অঙ্গচ্ছেদের মতো মারাত্মক পরিণতি ঘটতে পারে।
এই বাস্তবতায় গতকাল বুধবার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ‘ডায়াবেটিক ফুট : আপডেট অ্যান্ড অর্থোপেডিক ম্যানেজমেন্ট’ শীর্ষক সিএমই (কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন)।
চট্টগ্রাম ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক ডা. খুরশিদ জামিল চৌধুরী। সঞ্চালনা করেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মো. শহিদুল্লাহ কায়সার। স্বাগত বক্তব্য দেন, হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. এম এ মুকিত। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেলার অংশ হিসেবে বিনামূল্যে হার্ট, চর্মরোগ, চক্ষু, গাইনি, কিডনি সেবা ও ফুটকেয়ার ক্যাম্পের পাশাপাশি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী হাজারো অধিক রোগী ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সেমিনারের মূল বক্তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন ডায়াবেটিক ফুট আলসার চিকিৎসায় অফলোডিং এবং টোটাল কন্টাক্ট কাস্টের গুরুত্ব তুলে ধরেন। প্যানেল আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. ইমরুজ উদ্দিন এবং কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহসান উদ্দিন মাহমুদ। চিকিৎসকরা জানান, ডায়াবেটিক ফুটের সফল চিকিৎসায় ডায়াবেটিস বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন ও ভাসকুলার সার্জনের সমন্বিত ভূমিকা অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।











