দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৫৫ জন। হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের শরীরে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১০০৩ জনে। আর হাম শনাক্ত হওয়ার পর প্রাণ গেছে আরো ১০১ জনের। সেই হিসাবে হামে মোট ১ হাজার ১০৪ জনের মৃত্যু হলো।
এদিকে দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু ও এক হাজার ৯৪২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৩৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেল ১৪২ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বুলেটিনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৭ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৪, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। বুলেটিনে আরো বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২৫৫ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। যার মধ্যে এক হাজার ১৮৬ জন ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৮৬ জন, চট্টগ্রামে ২৬১, সিলেটে ২০১ , বরিশালে ১০৭, খুলনায় ৮৯, ময়মনসিংহ ৮৬, রাজশাহীতে ২৯ ও রংপুরে ২৭ জন। বুলেটিন অনুসারে, দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ জন। এর মধ্যে হাম উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জনে। বাকি ২১ হাজার ৩৯২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ জন।
গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।
ডেঙ্গু : গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা বিভাগে হাসপাতালে ভর্তি হন ৭৮৫ জন। বরিশালে ২১৩ জন, চট্টগ্রামে ৩০১ জন, খুলনায় ২৬৪ জন, ময়মনসিংহে ১২০, রাজশাহীতে ১৯৭, রংপুরে ৫৬ ও সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫১ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৭৭ হাজার ৬৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।










