বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড দিবস ঘিরে আজ শনিবার (১৫ আগস্ট) কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য রাজধানীসহ সারা দেশে র্যাব ও পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলেও সংগঠনগুলোর অপতৎপরতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাচৌকি ও তল্লাশি জোরদার করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষে তাদের প্রতিটি ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিজ নিজ এলাকার জন্য নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। দায়িত্বপূর্ণ এলাকার সংবেদনশীল স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এলিট এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী চক্র যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে ক্ষেত্রবিশেষে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রম জোরদার ও আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক তথ্যদাতাও নিয়োগ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।












