সারাদিন ব্যাটিং করার পরিকল্পনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটবলদুই বিভাগেই পাকিস্তানকে চাপে রাখে স্বাগতিকরা। দিন শুরুতেই সফরকারীদের প্রথম ইনিংসে ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ১১০ রান তুলেছে বাংলাদেশ। সবমিলিয়ে স্বাগতিকদের লিড ১৫৬ রান। খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নাহিদ রানা জানালেন আজ সোমবার ম্যাচের তৃতীয় দিনের পুরোটা সময় ব্যাটিং করতে চায় বাংলাদেশ। তৃতীয় দিনে নিজেদের পরিকল্পনা নিয়ে নাহিদ বলেন, ‘যেহেতু টেস্টের দুই দিন শেষ হয়েছে, আরও তিন দিন আছে। আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব’। সেরকম কোনো টার্গেট নেই যে ২০০ কিংবা ২৫০, ৩০০ দিতে হবে। কারণ অনেক টাইম পরে আছে। কালকের পরে আরও দুই দিন আছে। তো আমরা চেষ্টা করব কালকে ফুল ডে ব্যাটিং করার।’ সিলেট টেস্টের বেশিরভাগ সেশনই দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম দিনের শুরুতে কিছুটা চাপে ছিল স্বাগতিকরা। তবে লিটনের সেঞ্চুরি সেই চাপকে উড়িয়ে দিয়েছে। নাহিদের কাছে বাংলাদেশের চালকের আসানে বসার টার্নি পয়েন্ট লিটনের সেঞ্চুরিই, ‘আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটন দার ব্যাটিং। শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরিফুলের ব্যাটিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বোলিংয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো করেছি। কিন্তু লিটন দাদা সেঞ্চুরি না হলেও আমরা একটু ব্যাকফুটে থাকতাম। তো আমি মনে করি টার্নিং পয়েন্ট তার সেঞ্চুরিই।’ রোববার চা বিরতির পর তাইজুলকে টানা তিন ছক্কা মারেন সাজিদ খান। তাতেই রানটা কিছুটা বেড় যায় পাকিস্তানের। তাইজুলের বোলিং নিয়ে নাহিদ বলেন, ‘তাইজুল ভাই চেষ্টা করছিল। কারণ উনি অনেক ভালো বোলিং করছিলেন, তিন উইকেট পেয়েছেন।’

রোববার সকালে দুই প্রান্ত থেকে দুই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ চেপে ধরেন। এই চাপেই মূলত ভেঙ্গে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। শেষমেষে ২৩২ রানে থামে সফরকারীদের ইনিংস। পাকিস্তানকে অলআউট করার পেছনে তাসকিনশরিফুলের বোলিং জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেই মনে করেন নাহিদ, ‘তারা শুরুতে অনেক ডিসিপ্লিন বোলিং করছে এবং পার্টনারশিপ বোলিং করছে। তুই দিক থেকে চাপ আসায় ব্যাটাররা ভুল করেছে। আলহামদুলিল্লাহ, তারা সাকসেস হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধমার্শাল আর্টে ও কাবাডি বালকে চট্টগ্রাম চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধমুক্তি পেল ‘অবশেষে তুমি এলে’