সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:০৪ পূর্বাহ্ণ

সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চট্টগ্রামের সাদ–মুসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ।

গতকাল রাতে পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই শিমু জানান, সাদ–মুসার গ্রুপের মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতে তাঁকে সন্ধ্যায় আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় মোট পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় আদালত–সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ–মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধওয়েবিলের ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত, দুদিন পর যুবকের মৃত্যু