সাতকানিয়ায় মাটি কাটার সরঞ্জামসহ আটক ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

সাতকানিয়া প্রতিনিধি

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার জন্য পাহাড় ও কৃষিজমির টপসয়েল কাটার সময় ৩ জন মাটিখেকোকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাটি কাটার একটি এসকেভেটর (বেকু) এবং একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের কেবি-৩ নামক একটি ইটভাটা এলাকায় ওই মাটিখেকোদের আটক ও পরে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে হলেন,রফিকুল ইসলাম(৪৫)কে ৩ মাস,মো: কাইছার (২৫)কে ২ মাস ও মো: জমির উদ্দিন (৩০), কে ২ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার কেবি-৩ নামক একটি অবৈধ ইটভাটার মালিক দীর্ঘদিন ধরে দিন-রাত সমানতালে ফসলি জমি ও সরকারি পাহাড় কেটে মাটি লুট করা হচ্ছিল। এতে ওই এলাকার পরিবেশ ও কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়ে। প্রশাসনকে বারবার জানিয়েও দীর্ঘ দিন কোনো স্থায়ী প্রতিকার না পেয়ে গতকাল রাতে ক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার স্থান ঘেরাও করে। তারা মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান জানান,আমরা এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। কিন্তু আমাদের আসার খবর পেয়ে প্রতিবারই তারা পালিয়ে যেত। এবার এলাকাবাসীর সাহসী ও তাৎক্ষণিক সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার ম্যানেজারকে ৩ মাস এবং গাড়ি চালককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত এসকেভেটর ও ডাম্পার জব্দ করা হয়েছে।তিনি আরো জানান,পাহাড় ও কৃষিজমি রক্ষায় মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে মাথায় সাদা কাপড় বেঁধে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেপ্তার ১৩