সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি মোহাম্মদ সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হলেও গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। সালাহ উদ্দিন সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছৈয়দাবাদ এলাকার ওবায়দুল হাকিম মুন্সির বাড়ির রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। খবর বাংলানিউজের।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে ছাত্র–জনতা অবস্থান কর্মসূচি পালন করে। এসময় সেখানে দেশি–বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা–ককটেল বিস্ফোরণ ঘটান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা ঘটনাস্থলে থাকা কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর এবং একটি অটোরিকশায় আগুন দেয়। এসময় লাঠিসোঁটা, হকিস্টিক ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচজনকে আহত করেন। এ ঘটনায় ২৮ আগস্ট ভুক্তভোগী সিফাতের বাবা মোহাম্মদ তসলিম বাদী হয়ে চার ইউপি চেয়ারম্যানসহ ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপ্রজ্ঞাপনে বাদ পড়া ২২৭ প্রার্থী পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন