রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
ওসি বলেন, প্রাথমিক অনুসন্ধানে আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলার ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ২ জন এবং পটুয়াখালী জেলার ১ জন রয়েছেন।
আটককৃতরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় জিপ গাড়িতে জয় বাংলা বলে স্লোগান দিয়ে আসছিলো।
পরে স্থানীয়রা বিষয়টি জানলে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্লোগান দেয়ার বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।













