চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, জনপ্রিয় সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর ন্যাক্কারজনক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমানের উপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নয়া বাজার বিশ্বরোড মোড়ে বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত।
তিনি বলেন, আজকের সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে–জনগণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না। রাজপথের আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা মনে করছেন ক্ষমতায় আসার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। বিক্ষোভ সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও আবু সুফিয়ানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড় গিয়ে শেষ হয়।
ডিসেম্বর মাসের কর্মসূচি প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করুন। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরুন। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের মুখোমুখি হতে হবে।
প্রধান বক্তা আবু সুফিয়ান এমপি বলেন, সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তাঁর ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যারা দেশের মানুষের প্রত্যাখ্যানের মুখে দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফিরে আসার বিষয়ে নানা তৎপরতা জনগণের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে। বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। তিনি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহবায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










