সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের ইন্তেকাল

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

বান্দরবান জেলার দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ (৫২) আর নেই। গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় বান্দরবান আর্মি পাড়াস্থ বড়ভাইয়ের বাসায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক তাকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড়ভাই সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, দুই ভাই এক সাথে অফিস থেকে রাত নয়টায় বাসায় এসে পৌঁছায়। কিছুক্ষণ পর বদরুল ইসলাম মাসুদ নিজের রুমে হঠাৎ পড়ে যান। তাড়াতাড়ি বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বদরুল ইসলাম মাসুদ ১ ছেলে ও ১ মেয়ের জনক। তার মৃত্যুতে বান্দরবান প্রেস ক্লাব, প্রেস ইউনিট, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টাস ইউনিটি বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন। কর্মরত সাংবাদিকসহ সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার বাদে জোহর বান্দরবান কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে কেন্দ্রীয় গোরস্থান মসজিদের কবর স্থানে তাকে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া কমিটি পাহাড়তলী থানার দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারী ও আনোয়ারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত