পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার লালিয়ারহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে সমভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অঙ্গীকার। ঈদ আনন্দ ও সমপ্রীতির উৎসব। এ আনন্দ থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। নগদ অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।












