বোয়ালখালীতে মো. সাহাব উদ্দিন (২৫) নামের এক যুবককে শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে ফেলেছে বন্য হাতি। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। সাহাব উদ্দিন উপজেলার আমুচিয়া ৯ নম্বর ওয়ার্ড গুচ্ছ গ্রামের মৃত বাচা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাগান শ্রমিক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর জানিয়েছেন, ২০ বছর আগে সাহাব উদ্দিন হাতির আক্রমণে বাবা–মা ও নানাকে হারিয়েছেন। সেদিন ৬ বছরের সাহাব উদ্দিনকে হাতি শুঁড় দিয়ে তুলে ছুড়ে ফেলেছিলো। সে খড়ের স্তুপের ওপর পড়ায় প্রাণে বেঁচে গিয়েছিলো। খবর বাংলানিউজের।
শুক্রবার আমুচিয়ায় বন্য হাতির পাল লোকালয়ে চলে আসলে এলাকাবাসী হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। পালে প্রায় ১৪টি ছোট–বড় হাতি ছিলো। এ সময় সাহাব উদ্দিনও এলাকাবাসীর সাথে ছিলো। তারা পালের পিছু ছুটছিলেন। হঠাৎ একটি হাতি দলছুট হয়ে পেছনে তেড়ে আসলে সাহাব উদ্দিন রাস্তায় পড়ে যায়। এসময় তাকে শুঁড় দিয়ে তুলে দূরে ছুড়ে মারে হাতিটি। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. রাজর্ষী নাগ বলেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাণিবিজ্ঞানীরা জানান, হাতির শুঁড়ে কোনো হাড় বা তরুণাস্থি নেই। এটি পেশি দিয়ে তৈরি। প্রজাতিভেদে প্রায় ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ভিন্ন ভিন্ন পেশিকলা থাকে। এই গঠনের কারণেই হাতি তার শুঁড় দিয়ে বিশাল গাছের গুঁড়ি উপড়ে ফেলতে পারে। হাতির শুঁড় প্রতি সেকেন্ডে প্রায় ১৫০ মিটার বেগে বাতাস টানতে পারে। এক টানে প্রায় ৮ থেকে ৯ লিটার পানি শুঁড়ের ভেতর ধরে রাখতে পারে।











