শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জরিমানার মুখে লিটন-শেখ মেহেদী

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদী হাসানকে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক দুটি ঘটনার তদন্ত ও শুনানি শেষে তাদের বিরুদ্ধে জরিমানার সুপারিশ করেছে বিসিবি। বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই সিদ্ধান্ত কার্যকর হবে। লিটন দাস জিম্বাবুয়ে সফরের মাঝপথে চোটের কারণে দেশে ফিরে আসেন। এরপর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি বিসিবিকে না জানিয়ে চীন সফর করেন। বিসিবির আচরণবিধি অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের জাতীয় দলের দায়িত্বে না থাকলেও দেশের বাইরে যেতে হলে বোর্ডের অনুমতি নিতে হয়। সেই নিয়ম না মানায় লিটনের কাছে ব্যাখ্যা চায় বিসিবি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত টিটোয়েন্টি সিরিজে একাদশে সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করে সংবাদমাধ্যমে মন্তব্য করেন শেখ মেহেদী হাসান। দল নির্বাচনে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলায় বিষয়টি বোর্ডের নজরে আসে এবং তার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু হয়। দুই ক্রিকেটারকেই পৃথকভাবে তলব করে শুনানি নিয়েছে বিসিবি। তদন্ত শেষে তাদের আর্থিক জরিমানার সুপারিশ করা হয়েছে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, লিটন ও শেখ মেহেদী দুজনই নিজেদের ভুল স্বীকার করেছেন। তবে আচরণবিধি ভঙ্গ করায় তাদের জরিমানা গুনতে হবে। বোর্ড শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়ম ভঙ্গ করলে তিনি খেলোয়াড়, কোচ, কর্মকর্তা কিংবা পরিচালক যেই হোন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে জরিমানার নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেননি আলমগীর। তিনি শুধু নিশ্চিত করেছেন, লিটনের তুলনায় মেহেদী হাসানের জরিমানার পরিমাণ বেশি হবে। বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা
পরবর্তী নিবন্ধভোজিনহা ও তার পরিবারকে বিশেষ উপহার মেসির